একাই ১৩০ মামলার আসামি: রাজধানী থেকে গ্রেপ্তার ‘এনজিও প্রতারক’ নিশাত
By বিশেষ প্রতিনিধি:
অবৈধ এনজিও পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দীর্ঘদিন ধরে পলাতক থাকা নিশাত দিলরুবা জাহানকে (৩৯) রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে অন্তত ১৩০টি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার নিশাত দিলরুবা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের মো. সানোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশের তথ্যমতে, নিশাত দিলরুবা দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় একটি অবৈধ এনজিও পরিচালনা করছিলেন। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে আত্মসাৎ ও প্রতারণা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগের পর বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে নিশাত দিলরুবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অবশেষে র্যাবের অভিযানে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা আদালতের মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।এদিকে, একই ব্যক্তির বিরুদ্ধে ১৩০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট মামলাগুলোর অভিযোগ ও আর্থিক ক্ষতির পরিমাণ যাচাই করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।