হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ২৭, ২০২৬

হঠাৎ বাংলাদেশজুড়ে আইএস–তালেবানের পতাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, নেপথ্যে কারা?

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা | ২৭ জুন ২০২৬

IMG_7565

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক দিনগুলোতে আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা টাঙানোর ঘটনা জনমনে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। রাজধানীর বিভিন্ন সড়ক থেকে শুরু করে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, সাভার, পাবনা ও যশোরসহ বিভিন্ন জেলার সড়ক, ফ্লাইওভার, ওভারপাস এবং জনবহুল এলাকায় এ ধরনের পতাকা দেখা গেছে। তবে কারা এসব পতাকা টাঙিয়েছে কিংবা এর উদ্দেশ্য কী—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ঘিরে অনেকেই দাবি করছেন, পতাকাগুলোর নকশা আন্তর্জাতিক বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীর ব্যবহৃত কিছু পতাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষও এখন পর্যন্ত এমন কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড়, তাজমহল রোড, জেনেভা ক্যাম্প, গাবতলী, মিরপুর, যাত্রাবাড়ী ও শনির আখড়াসহ বিভিন্ন এলাকায় একই ধরনের পতাকা উড়তে দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অনেকেই জানান, কখন বা কারা এসব পতাকা স্থাপন করেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

রাজধানীর বাইরে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী ও সাভারের বিভিন্ন সড়কেও একই ধরনের পতাকা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পতাকার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জনপরিসরে আলোচনা আরও তীব্র হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানাও বলেছেন, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকার একটি ওভারপাসে শতাধিক সাদা পতাকা টাঙানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী ও পরিচ্ছন্নতাকর্মীর দাবি, কয়েকদিন আগে রাতের বেলায় একদল ব্যক্তি এসে বৈদ্যুতিক খুঁটিতে পতাকাগুলো স্থাপন করে চলে যায়। তবে এই তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা, কী উদ্দেশ্যে এসব পতাকা টাঙিয়েছে এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। জেলার পুলিশ সুপারও জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে শুধু পতাকা টাঙানোই নয়, রাজধানী ও চট্টগ্রামের কয়েকটি এলাকায় এসব পতাকা হাতে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের হাটহাজারীসহ কয়েকটি স্থানে এ ধরনের পতাকাকে কেন্দ্র করে সমাবেশ ও মিছিলের খবরও পাওয়া গেছে।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন আনুষ্ঠানিকভাবে এসব পতাকা স্থাপন বা প্রদর্শনের দায় স্বীকার করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বিষয়টির উৎস, উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।