হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ২১, ২০২৬

ভোলায় আওয়ামী লীগের ব্যানারে ২১ আগস্টের শ্রদ্ধাঞ্জলি

By ভোলা প্রতিনিধি, বেঙ্গল টাইমস:

6c2100e6-772d-41e8-829d-fe82eac5bec9

ভোলা শহরের বাংলা স্কুল মোড়ে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দলীয় ব্যানারে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে স্থানীয়রা ভবনটির সামনে বড় আকারের একটি শোক ব্যানার দেখতে পান। বিষয়টি পুলিশের নজরে আসার পর ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ।

ব্যানারে যা লেখা ছিল

খোঁজ নিয়ে জানা গেছে, ভোলা জেলা আওয়ামী লীগের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের পক্ষ থেকে ব্যানারটি টাঙানো হয়েছে।

ব্যানারের উপরের অংশে কবি সুকান্ত ভট্টাচার্যের পঙ্ক্তির আদলে লেখা হয়েছে—“যত বারই হত্যা করো, জন্মাবো আবার। দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।”

এর নিচে লেখা রয়েছে—“২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।”

তবে কারা এবং কখন ব্যানারটি সেখানে স্থাপন করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

২১ আগস্টের প্রেক্ষাপট

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়।

ওই ঘটনায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং কয়েক শত মানুষ আহত হন।

আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে আসছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।এরপর ভোলায় এবারই প্রথম প্রকাশ্যে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় ব্যানারে ২১ আগস্টের স্মরণে কোনো কর্মসূচির বহিঃপ্রকাশ দেখা গেল।

তদন্ত করছে পুলিশ

নিষেধাজ্ঞা থাকা অবস্থায় প্রকাশ্যে দলীয় ব্যানার টাঙানোর বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি জানান, তদন্তে সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।