হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ২৫, ২০২৬

বিহারে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তেজনা, মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে জলকামান চালাল পুলিশ

By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস

IMG_9265

ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বিভিন্ন দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ তাদের আটকে দেয়।

একপর্যায়ে ব্যারিকেড অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) গান্ধী ময়দান থেকে মিছিলটি শুরু হয়। বিহার লোকসেবা কমিশনের (BPSC) শিক্ষক নিয়োগ পরীক্ষার চতুর্থ পর্যায়ের পরীক্ষার্থীসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা এতে অংশ নেন।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি ডাকবাংলো মোড়ের দিকে এগিয়ে গেলে সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করা হয় বলে জানা গেছে।

ব্যারিকেড ঘিরে উত্তেজনা

ডাকবাংলো মোড়ে একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের একটি অংশ ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।মিছিলকারীদের অনেকের হাতে ভারতের জাতীয় পতাকা ছিল।

পুলিশের বাধা ও জলকামান ব্যবহারের পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি

শিক্ষক নিয়োগ পরীক্ষার চতুর্থ পর্যায়কে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে পাটনার গর্দানিবাগ এলাকায় আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা।

আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে এক স্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিহার কর্মী নির্বাচন কমিশনের বিভিন্ন নিয়োগ পরীক্ষা দ্রুত আয়োজন করা।

এ ছাড়া হিন্দি মাধ্যমে পড়াশোনা করা প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপে অনিয়ম ও প্রক্রিয়াগত অস্পষ্টতার কারণে অনেক যোগ্য প্রার্থী ক্ষতির মুখে পড়ছেন।

বিশেষ করে BPSC-এর ৭০তম পরীক্ষাকে ঘিরে ওঠা অনিয়মের অভিযোগেরও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তারা।প্রয়োজনে ওই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিও তুলেছেন আন্দোলনকারীদের একটি অংশ।

সরকারের প্রতি দ্রুত পদক্ষেপের আহ্বান

চাকরিপ্রার্থীদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হতে পারেন।

তাই তাদের অভিযোগ ও দাবিগুলো দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিলকে কেন্দ্র করে পুলিশের বাধা এবং জলকামান ব্যবহারের ঘটনায় পাটনায় দিনভর উত্তেজনা বিরাজ করে। কর্মসূচিকে ঘিরে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও বাড়ানো হয়।