শাহবাগ ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা, রাত ১০টা পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম
By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ১৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে প্রায় দেড় ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন শেষে আজকের মতো আন্দোলন স্থগিত করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।
তবে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য বুধবার রাত ১০টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
পরে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করে তারা শাহবাগ এলাকা ত্যাগ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে।
তাই আপাতত কর্মসূচি স্থগিত করা হলেও আন্দোলন অব্যাহত থাকবে। তিনি এক দফা দাবি হিসেবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথা পুনর্ব্যক্ত করে বলেন, বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুর আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন।
সেখানে কিছু সময় অবস্থানের পর ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হন।
ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ চালিয়ে যান।পরে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে গিয়ে নতুন করে অবস্থান নেন। সেখানে আরও দেড় ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে এলাকা ত্যাগ করেন।শিক্ষার্থীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবার রাজধানীতে আরও বৃহত্তর কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলন আরও জোরদার করা হবে।