হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ২৬, ২০২৬

১২০০ ইয়াবাসহ নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের নেতা গ্রেপ্তার

By বগুড়া প্রতিনিধি

IMG_9279

বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (৩৬) নামে উপজেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করে র‌্যাব-১২।

র‌্যাব সূত্র জানায়, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহল দেওয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবার চালান নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। তথ্যের ভিত্তিতে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।

পরে রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন যাত্রীবাহী অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। অটোরিকশাটিতে একমাত্র যাত্রী ছিলেন রবিউল ইসলাম।

তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁর ব্যাগে ইয়াবা থাকার বিষয়টি তিনি স্বীকার করেন বলে র‌্যাব জানিয়েছে।

পরে ব্যাগ তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি পদে ছিলেন।

নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না।

রবিউল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কারের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বুধবার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।