হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published সেপ্টেম্বর ৫, ২০২৬

কক্সবাজারে ১,৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক

By বেঙ্গল টাইমস ডেস্ক, প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬

IMG_9554

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছয় চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও বিভিন্ন ধরনের যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার রাতে শহরের হোটেল সি প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকার পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

আটক ছয়জন হলেন—ওয়েই চিং ওয়েন, শু ইয়াংফান, ইয়ান চ্যাংশেং, শু হাইয়াং, উ জিয়ানসিয়ং এবং ঝাং ঝেমিং।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহিদুর রহমান জানান, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপ এবং যোগাযোগের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কার্যক্রম সম্পর্কে আগে থেকেই তথ্য পাওয়া যাচ্ছিল। সেই তথ্য যাচাইয়ের অংশ হিসেবে হোটেলে অভিযান চালানো হয়।

এ ঘটনায় পুলিশের পরিদর্শক মিন্টু দত্ত বাদী হয়ে রামু থানায় একটি মামলা করেছেন। মামলায় অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি আরও ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কক্সবাজারের বিভিন্ন হোটেলে ২৫০ জনের বেশি চীনা ও তাইওয়ানি নাগরিক অবস্থান করছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।

অনলাইন প্রতারণা ও অন্যান্য সাইবার অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখতে ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে।

এদিকে হোটেল সি প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট একদল চীনা নাগরিক হোটেলটিতে ওঠেন। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় ওই দলের কয়েকজনকে আটক করা হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিপুলসংখ্যক মোবাইল ফোন, ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জাম কেন সেখানে রাখা হয়েছিল এবং এগুলো কোনো ধরনের অনলাইন অপরাধে ব্যবহৃত হয়েছে কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া সরঞ্জাম পর্যালোচনার মাধ্যমে অনলাইন প্রতারণার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিস্তারিত তথ্য বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।