গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ৬, কারাগারে পাঠানো হয়েছে
By গোপালগঞ্জ প্রতিনিধি, বেঙ্গল টাইমস:
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা অন্যরা সেখান থেকে সরে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, মাঝিগাতি গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ, চর সোনাকুড় গ্রামের শারাফত শেখের ছেলে মেহেদী হাসান এবং রমজান আলীর ছেলে হৃদয় খান।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, মিছিলটির নেতৃত্বে ছিলেন গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপন। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে মিছিলটি আয়োজন করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, মিছিলের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।