শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস: ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের বিশাল মিছিল ।
By নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল টাইমস ঢাকা | ১৭ মে, ২০২৬
ঢাকা: ঐতিহাসিক ১৭ মে, আওয়ামী লীগ সভাপতি ও জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানী ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর (ঢাকা-১৩ আসন) এলাকায় এক বিশাল বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানকের নির্দেশনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এই বিশাল কর্মসূচির আয়োজন করা হয়।
আজ রবিবার বিকেলে শুরু হওয়া এই মিছিলে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড এবং দলীয় পতাকাসহ হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে একটি মাইলফলক। তাঁর দীর্ঘ সংগ্রামের ফলেই দেশ আজ উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে এগিয়ে চলেছে। ঢাকা-১৩ আসনের এই আয়োজন প্রমাণ করে যে, যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা সদাপ্রস্তুত এবং ঐক্যবদ্ধ।
সমাবেশে ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।