প্রতিশোধ নয়, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতেই শেখ হাসিনা ফিরবেন: বাহাউদ্দিন নাছিম
By শফিক বাবু , সিনিয়র সাংবাদিক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মাথা উঁচু করে দেশে ফিরবেন। বাংলাদেশের হারানো গৌরব পুনরুদ্ধার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি দেশে ফিরবেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিদের সংগঠন ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’ আয়োজিত এক ভার্চুয়াল স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, “বাংলাদেশকে হায়েনাদের কবল থেকে মুক্ত করাই হোক আজকের দিনের প্রত্যয়।”
সন্ত্রাস, জঙ্গিবাদ ও অন্যান্য উগ্রবাদী গোষ্ঠীর কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছে দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, এসব গোষ্ঠীর প্রতারণায় বাংলাদেশ আজ গভীর সংকটের মধ্যে পড়েছে।
দেশে নারীর অধিকার নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই এবং সাংবাদিকদের মুখ বন্ধ করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বাহাউদ্দিন নাছিম ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’-এর নেতাকর্মী ও সদস্যদের যার যার অবস্থান থেকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ১৯৭৫ সালের ঘাতকরা যেমন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, তেমনি বর্তমানে একই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। এই ভঙ্গুর দেশকে পুনরুদ্ধার করতে শেখ হাসিনা দেশে ফিরবেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “সকল রাজবন্দিকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।”
একই সঙ্গে শোকের মাসকে শক্তিতে পরিণত করে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা। বিজয়ের মাসের মধ্যেই বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে এবং তাঁকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হবে।
পরিশেষে তিনি জাতিকে শক্তি সঞ্চয় করে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সব ষড়যন্ত্রের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।
স্মরণসভায় আরও যারা বক্তব্য দেন
সাংবাদিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিদের সংগঠন ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’-এর আহ্বায়ক সাংবাদিক মানিক লাল ঘোষের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক শফিক বাবুর সঞ্চালনায় ভার্চুয়াল স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।