হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ১, ২০২৬

রাজধানীতে তীব্র গ্যাস সংকট: বন্ধ একাধিক সিএনজি ফিলিং স্টেশন, দুর্ভোগে হাজারো চালক

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, প্রকাশিত: ১ আগস্ট ২০২৬

IMG_8580

রাজধানীতে তীব্র গ্যাস সংকটের কারণে একের পর এক সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে পড়েছে। কোথাও গ্যাসের সরবরাহ সম্পূর্ণ বন্ধ, আবার কোথাও চাপ এতটাই কম যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও মাত্র কয়েকটি যানবাহনকে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি, রাইড-শেয়ারিং ও ব্যক্তিগত গাড়ির চালকরা।

শনিবার (১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বহু সিএনজি ফিলিং স্টেশনে ‘লাইনে গ্যাস নেই, পাম্প বন্ধ’ লেখা নোটিশ ঝুলছে। গ্যাসের স্বল্পচাপ ও অনিয়মিত সরবরাহের কারণে কর্তৃপক্ষ সাময়িকভাবে স্টেশনগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

উবারচালক ইলিয়াস জানান, সকালে শ্যামলীর একটি পাম্পে গিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করেও গ্যাস পাননি। পরে খবর পেয়ে মহাখালীতে গেলেও সেখানে গিয়ে দেখেন পাম্পের গেট বন্ধ। তাঁর ভাষায়, গ্যাসের খোঁজে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে ঘুরতেই দিনের বড় একটি সময় নষ্ট হচ্ছে।

রাজধানীর মেরুল বাড্ডার জামান ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। গত রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শনিবার সকাল থেকেই স্টেশনটি বন্ধ রাখা হয়। গ্যাস নিতে এসে অনেক চালক ফিরে যেতে বাধ্য হন।

সিএনজি চালক মোবারক হোসেন বলেন, গ্যাস সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। এতে আয় কমে যাওয়ার পাশাপাশি পরিবার চালানোও কঠিন হয়ে পড়েছে।

আরেক চালক মোতাহার হোসেন বলেন, একাধিক পাম্প ঘুরেও গ্যাস না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। নিয়মিত গাড়ি চালাতে না পারায় সংসার চালাতে ধারদেনার ওপর নির্ভর করতে হচ্ছে।

স্টেশন সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় অনেক সময় গ্যাস দিতে দিতেই চাপ কমে যায় বা সরবরাহ বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে চালকদের ক্ষোভ সামাল দেওয়ার চেয়ে সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা ছাড়া তাদের আর কোনো বিকল্প থাকে না।

জামান ফিলিং স্টেশনের এক কর্মী বলেন, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় কর্তৃপক্ষ স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম।

খোঁজ নিয়ে জানা গেছে, মালিবাগ, বিমানবন্দর, খিলক্ষেতসহ রাজধানীর আরও বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনেও একই কারণে গ্যাস সরবরাহ বন্ধ বা সীমিত আকারে চালু রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, রাজধানীতে প্রায় ১৫ থেকে ১৬ হাজার সিএনজিচালিত যানবাহন গ্যাসের ওপর নির্ভরশীল। বর্তমান সংকট দীর্ঘায়িত হলে এসব যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি হাজারো চালকের জীবিকা ও তাদের পরিবারের আয়-রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

গ্যাস সরবরাহ কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

ফলে অনিশ্চয়তার মধ্যেই দিন পার করছেন রাজধানীর হাজারো চালক।