থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৭, আহত অন্তত ১৫
By আন্তর্জাতিক ডেস্ক, বেঙ্গল টাইমস:
থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি বিদ্যালয়ে এক শিক্ষার্থীর গুলিতে শিক্ষক ও শিক্ষার্থীসহ ৭ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে হামলাকারী শিক্ষার্থীও রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।শুক্রবার (৭ আগস্ট) সকাল প্রায় ১০টার দিকে ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা পো তেক টুং ফাউন্ডেশন জানিয়েছে, শারীরিক শিক্ষার (পিই) পোশাক পরা এক নবম শ্রেণির শিক্ষার্থী হঠাৎ আগ্নেয়াস্ত্র বের করে বিদ্যালয় প্রাঙ্গণে নির্বিচারে গুলি চালাতে শুরু করে।
আকস্মিক এ হামলায় ঘটনাস্থলেই তিন শিক্ষক ও তিন শিক্ষার্থী নিহত হন এবং আরও অনেকে গুলিবিদ্ধ হন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গুলি চালানোর পর অভিযুক্ত শিক্ষার্থী বিদ্যালয়ের একটি তিনতলা ভবনে গিয়ে নিজেকে অবরুদ্ধ করে।
পরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ভবনের ভেতর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিজেকে অবরুদ্ধ করার পর সে আত্মহত্যা করেছে।
এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় সাতজনে।ঘটনার পরপরই থাই আইনশৃঙ্খলা বাহিনী পুরো স্কুল এলাকা ঘিরে ফেলে এবং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা গুরুতর।নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
একই সঙ্গে উদ্ধার ও তদন্তকাজে বিঘ্ন এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের লাইভ সম্প্রচার না করার অনুরোধও জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, কী কারণে নবম শ্রেণির ওই শিক্ষার্থী এ হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে উচ্চপর্যায়ের একটি তদন্ত দল কাজ শুরু করেছে। পাশাপাশি হামলায় ব্যবহৃত অস্ত্রের উৎস এবং হামলাকারীর সাম্প্রতিক কর্মকাণ্ডও খতিয়ে দেখা হচ্ছে।