সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল ৭ বাংলাদেশির
By নওগাঁ প্রতিনিধি | বেঙ্গল টাইমস, প্রকাশ: ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
রোববার (৯ আগস্ট) সৌদি আরবের একটি সোফা কারখানায় আগুন লাগার পর সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে সাত বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। কোথাও ১৫, কোথাও ১৭ আবার কোথাও ১৯ জন নিহত হওয়ার দাবি করা হলেও এসব সংখ্যা এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি।
একই উপজেলার সাত প্রবাসীর মৃত্যুর খবরে আত্রাইজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ।
প্রিয়জনকে হারিয়ে শোকাহত পরিবারগুলো এখন মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং দুর্ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।