হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
By নিজস্ব প্রতিবেদক, ঢাকা | বেঙ্গল টাইমস
সম্ভাব্য হুমকির তথ্যের পরিপ্রেক্ষিতে রাজধানীর কূটনৈতিক এলাকা ও গুরুত্বপূর্ণ বিদেশি মিশনগুলোর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিশেষ করে গুলশান, বনানী ও বারিধারা এলাকার কূটনৈতিক জোনে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি দূতাবাস, হাইকমিশন, কূটনীতিকদের বাসভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পর্যালোচনা করা হচ্ছে।
ঝুঁকি বিবেচনায় কিছু এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
কূটনৈতিক এলাকার প্রবেশপথগুলোতেও তল্লাশি ও যানবাহন পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় নিয়মিত টহল দেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে এ মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
কূটনৈতিক স্থাপনা ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা আরও জোরদার করা হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এদিকে কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিয়ে দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিকভাবে যাচাইয়ের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।