হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ২২, ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বিশেষ তল্লাশি।

By স্টাফ রিপোর্টার, বেঙ্গল টাইমস, ঢাকা, ২২ জুন ২০২৬

IMG_7315

আগামীকাল (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরীর একাধিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাতে দেখা গেছে।

সোমবার দিনভর রাজধানীর শাহবাগ, ফার্মগেট, তেজগাঁও, মহাখালী, গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, উত্তরা, মতিঝিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। কয়েকটি স্থানে গাড়ির কাগজপত্র যাচাই এবং যাত্রীদের পরিচয় নিশ্চিত করতে তল্লাশিও চালানো হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, জাতীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, জনসমাগম এবং নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় রেখেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনরত কর্মকর্তারা জানান, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নানা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। দিবসটি ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন এবং অন্যান্য কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নগরবাসীকে নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যক্রম চোখে পড়লে দ্রুত নিকটস্থ থানায় বা জরুরি সেবার মাধ্যমে তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।