হুথি হুমকির মুখে সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক সামরিক জোট, সদস্য বাংলাদেশসহ ১৪ দেশ
By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে একটি নতুন সামুদ্রিক সামরিক জোট গঠন করা হয়েছে। ‘
মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামে এই জোটের প্রধান উদ্দেশ্য লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করা এবং বৈশ্বিক বাণিজ্যিক রুট সুরক্ষিত রাখা।
আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত এই জোট যৌথ সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার জন্য একটি প্রতিরক্ষামূলক কাঠামো হিসেবে কাজ করবে।
এর মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক পরিকল্পনা এবং নিয়মিত সামুদ্রিক মহড়ার মাধ্যমে সমুদ্রপথের নিরাপত্তা আরও জোরদার করবে।
বিশ্বের জ্বালানি ও বাণিজ্যিক পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একাধিক হামলার কারণে এই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সংকীর্ণ নৌপথে সামান্য বিঘ্নও বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
রিয়াদে অনুষ্ঠিত জোট গঠনের বৈঠকে বিশ্বের ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশসহ ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষরকারী ১৪টি দেশ হলো— সৌদি আরব, বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান এবং কোমোরাস। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই জোটে যোগ দেয়নি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জোটটির সদর দপ্তর সৌদি আরবেই স্থাপন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে আগ্রহী অন্যান্য দেশও এই জোটে যোগ দেওয়ার সুযোগ পাবে।চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই সামরিক জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত হয়নি। এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্যোগ, যার লক্ষ্য আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা হুমকি মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা।