রাজশাহীতে বড় স্বর্ণ চুরির ঘটনায় সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ
By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, রাজশাহী, ২০ জুন ২০২৬
রাজশাহী শহরের সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় ভয়াবহ এক চুরির ঘটনার পর নগরীর সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও জুয়েলার্স সমিতির সূত্রে জানা গেছে, “কারুশ্রী জুয়েলার্স” নামের একটি দোকানে দুর্বৃত্তরা পাশের দোকানের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
দোকান মালিকের দাবি অনুযায়ী, চুরির ঘটনায় প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি রুপা এবং নগদ ২৫ লাখ টাকা লুট হয়েছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কোনো এক সময় এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে দুর্বৃত্তরা পাশের “আফিয়া জুয়েলার্স”-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দুই দোকানের মাঝের দেয়াল কেটে তারা “কারুশ্রী জুয়েলার্স”-এ ঢুকে সিন্দুক ও শোকেস ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। ওই সময় আফিয়া জুয়েলার্সে কোনো মালামাল ছিল না বলে জানা গেছে।
এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রাজশাহী জেলা শাখা নগরীর সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
বাজুস রাজশাহী জেলা সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু বলেন, “চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজশাহীর সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে।”
ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিআইডি ও ফরেনসিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রযুক্তিগত সহায়তায় দ্রুত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে রাজশাহীর স্বর্ণপট্টি এলাকায় ব্যবসা কার্যত স্থবির হয়ে পড়েছে।