হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৩, ২০২৬

অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অগ্রগতি দেখাতে ঢাবি প্রশাসনকে দুই সপ্তাহের সময় দিল সাদা দল

By ঢাকা, ৩ জুলাই | বেঙ্গল টাইমস

07c160bc-4dd8-43c3-96bb-34679d3883d3

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে চলমান শৃঙ্খলামূলক কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি দেখাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই সপ্তাহের সময় দিয়েছে।

সংগঠনটির অভিযোগ, এসব শিক্ষক ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছেন এবং সাবেক আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন।

বৃহস্পতিবার উপাচার্যের সঙ্গে সাদা দলের নেতাদের বৈঠকের পর আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়।

সংগঠনটির দাবি, বৈঠকে প্রায় ৩০০ শিক্ষক অংশ নেন।সংবাদ ব্রিফিংয়ে সাদা দলের যুগ্ম আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম সরকার বলেন, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট অভিযোগসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত ও বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।

তাঁর ভাষ্য, অতীতে শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় না আনায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সাদা দল আরও অভিযোগ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের এক শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্লাবের কমিটিকে কেন্দ্র করে করা এক মন্তব্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন।

সংগঠনটি ওই মন্তব্যের নিন্দা জানিয়ে এটিকে ‘অপপ্রচার’ হিসেবে উল্লেখ করে।বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি সুপারিশও তুলে ধরে সাদা দল।

এর মধ্যে রয়েছে গত ১৭ বছরে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন, দীর্ঘদিন অকার্যকর থাকা বিভিন্ন কমিটি পুনরায় সক্রিয় করা, তদন্ত শাখার জনবল বৃদ্ধি ও আইন উপদেষ্টা নিয়োগ, এবং নিরপেক্ষ শিক্ষকদের সমন্বয়ে নতুন শিক্ষক সমিতি গঠনে প্রশাসনের সহযোগিতা।

সংগঠনটির নেতারা বলেন, তারা কোনো নিরপরাধ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে নন। তাদের মতে, তদন্তে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হবে, কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত।

অধ্যাপক আবুল কালাম সরকার বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ে একটি ভারসাম্যপূর্ণ, নিয়মভিত্তিক ও জবাবদিহিমূলক পরিবেশ চাই। প্রশাসন যদি নিয়মবহির্ভূতভাবে কাজ করে বা ফ্যাসিবাদকে প্রশ্রয় দেয়, তাহলে সাদা দল সেই প্রশাসনের পাশে থাকবে না।”সাদা দল জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের দাবিগুলোর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে তারা আরও কঠোর কর্মসূচি বিবেচনা করবে।এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।