প্রধানমন্ত্রীর আকস্মিক স্পারসো পরিদর্শন, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ
By স্টাফ রিপোর্টার | বেঙ্গল টাইমস, ঢাকা | ২৮ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে অনুষ্ঠিত এই সফরে তিনি দেশের মহাকাশ গবেষণা, স্যাটেলাইট প্রযুক্তি এবং রিমোট সেন্সিং সক্ষমতা আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার নির্দেশনা দেন।
সকাল সাড়ে ৯টার দিকে স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সফরকালে চলমান গবেষণা কার্যক্রম, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন তিনি।
স্পারসোর চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম প্রধানমন্ত্রীকে সংস্থার বিভিন্ন কার্যক্রম, গবেষণা প্রকল্প এবং স্যাটেলাইট ও রিমোট সেন্সিং প্রযুক্তি নিয়ে চলমান উদ্যোগ সম্পর্কে ব্রিফ করেন। বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও তাঁদের উদ্ভাবন ও গবেষণার অগ্রগতি উপস্থাপন করেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী স্পারসোকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মহাকাশ বিজ্ঞান, স্যাটেলাইট প্রযুক্তি এবং দূর অনুধাবনের কার্যকর ব্যবহারের মাধ্যমে জাতীয় উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ পর্যবেক্ষণ এবং জাতীয় নিরাপত্তায় আরও বড় ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্পারসো দীর্ঘদিন ধরে মহাকাশ বিজ্ঞান, স্যাটেলাইট প্রযুক্তি এবং রিমোট সেন্সিংয়ের গবেষণা, উন্নয়ন ও ব্যবহার নিয়ে কাজ করছে।
সরকারের সর্বোচ্চ পর্যায়ের এই সফর প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ আধুনিকায়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।