মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান: ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
By নিজস্ব প্রতিবেদক | ১৭ জুন, ২০২৬
জনকল্যাণমুখী উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে একদিনের সরকারি সফরে মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর সড়কপথে সরাসরি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ১৫৫টি পরিবারের হাতে কার্ড তুলে দেবেন তিনি।
রীমঙ্গলের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অপর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ১৫২টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন সরকারপ্রধান।
এই সফরকে কেন্দ্র করে মৌলভীবাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। সফরসূচি অনুযায়ী, ফ্যামিলি কার্ড বিতরণ শেষে বিকেলে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভায় অংশগ্রহণের কথা রয়েছে তাঁর।
রাজনৈতিক সভার আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সিলেটের উদ্দেশে রওনা হবেন এবং সেখান থেকে বিমানযোগে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মৌলভীবাজারে এটিই তাঁর প্রথম সফর। তাঁর এই সফর ঘিরে জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।