প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, প্রকাশ: ৫ জুলাই ২০২৬
ঢাকা: যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) পিজিআর সদর দপ্তরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।সকালে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পিজিআর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পিজিআরের কমান্ডার এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় পিজিআরের একটি চৌকস গার্ড রাষ্ট্রীয় সালাম প্রদান করে।পরে রাষ্ট্রপতি পিজিআরের কর্মকর্তা,
জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং অন্যান্য সদস্যদের উদ্দেশে দরবারে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের সময় দায়িত্ব পালনকালে নিহত পিজিআরের পাঁচ সদস্যসহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় বিভিন্ন সময়ে প্রাণ উৎসর্গকারী সকল সৈনিককে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি বলেন, পিজিআর সদস্যদের আধুনিক, দক্ষ ও পেশাদার মানবসম্পদ হিসেবে নিজেদের আরও উন্নত করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে।
দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি, পিজিআর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান এবং পিজিআরের কমান্ডার তাঁকে স্বাগত জানান। পরে পিজিআরের একটি সুসজ্জিত গার্ড প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
এরপর শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পিজিআরের সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি দায়িত্ব পালনে পিজিআর সদস্যদের পেশাদারিত্ব,
শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা, দক্ষতা ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের নিষ্ঠাপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসাসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে আসছে। প্রতিষ্ঠার ৫১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বাহিনীটির পেশাদারিত্ব, শৃঙ্খলা ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় অবদানের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।