হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ২০, ২০২৬

ময়মনসিংহে বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তা আহত

By ময়মনসিংহ প্রতিনিধি, বেঙ্গল টাইমস:

IMG_9150

টানা এক সপ্তাহ বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পিডিবির এক উপসহকারী প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের পিডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শিমরাইল গ্রামের একটি ট্রান্সফরমার গত ১৩ আগস্ট রাতে নষ্ট হওয়ার পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে কয়েক হাজার বাসিন্দা দুর্ভোগে পড়েছেন।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে বৃহস্পতিবার গ্রামের প্রায় ২০০ থেকে ২৫০ জন বাসিন্দা পিডিবি কার্যালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কার্যালয়ের কাচ, বৈদ্যুতিক সরঞ্জাম ও ড্রয়ার ভাঙচুর করা হয়। হামলার সময় উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম আহত হন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নতুন ট্রান্সফরমার স্থাপনের কথা বলা হলেও দীর্ঘদিনেও সমস্যার সমাধান হয়নি।

তাঁদের দাবি, এর আগেও একই এলাকায় ট্রান্সফরমার বিকল হয়েছিল। তখন নতুন ট্রান্সফরমারের পরিবর্তে পুরোনো একটি ট্রান্সফরমার দেওয়া হয়, সেটিও অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে পানি সরবরাহ, খাবার সংরক্ষণ, শিক্ষার্থীদের পড়াশোনা এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা আরও অভিযোগ করেছেন, নতুন ট্রান্সফরমার দেওয়ার আশ্বাসের পর পিডিবির এক কর্মকর্তাকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। তবে উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, অর্থ লেনদেনের অভিযোগ ভিত্তিহীন।

তাঁর ভাষ্য অনুযায়ী, হঠাৎ করেই বিক্ষুব্ধ লোকজন তাঁর ওপর হামলা চালান।

পিডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আগের রাতে একটি ট্রান্সফরমার এলাকায় পাঠানো হলেও সেটি পুরোনো হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। 

পরে বিক্ষোভকারীরা অফিসে হামলা ও ভাঙচুর করেন।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়ার পর বিক্ষুব্ধ বাসিন্দারা সেখান থেকে সরে যান। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

বিদ্যুৎ সরবরাহের দীর্ঘস্থায়ী সংকট নিয়ে স্থানীয়দের ক্ষোভ থাকলেও সরকারি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।