হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ৯, ২০২৬

সময়মতো আদালতে পৌঁছাতে পারেননি পরীমণি, পিছিয়ে গেল জেরা

By বিনোদন প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা | ৯ আগস্ট ২০২৬

IMG_8835

মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমণির জেরা আবারও পিছিয়েছে।

নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হতে না পারায় আগামী ৩০ নভেম্বর তার জেরার নতুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে এ বিষয়ে শুনানি হয়।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটিতে পরীমণিকে জেরার জন্য রোববার দিন নির্ধারিত ছিল। সকাল ১১টার দিকে তার আইনজীবী আদালতকে জানান, পরীমণি আদালতে আসবেন এবং দুপুর ১২টার দিকে যেন তাকে জেরার জন্য রাখা হয়।

পরে আদালত দুপুর ১২টায় মামলাটি শুনানির জন্য সময় নির্ধারণ করেন।তবে নির্ধারিত সময়ে পরীমণি আদালতে পৌঁছাতে পারেননি। তাকে জেরার জন্য আদালত থেকে দুই দফা ডাকা হলেও তিনি উপস্থিত হতে না পারায় শেষ পর্যন্ত রোববার জেরা অনুষ্ঠিত হয়নি।

আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, যানজটের কারণে পরীমণি নির্ধারিত সময়ে আদালতে পৌঁছাতে পারেননি।

এর মধ্যে আদালতের অন্যান্য মামলার শুনানি শেষ হয়ে যায় এবং আসামিরাও আদালত ত্যাগ করেন। ফলে ওই দিনের জন্য নির্ধারিত জেরা আর করা সম্ভব হয়নি। তিনি জানান, আদালত পরবর্তী জেরার জন্য আগামী ৩০ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন।

মামলায় যারা আসামি

মামলাটিতে আসামি হিসেবে রয়েছেন নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা বর্তমানে জামিনে রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমির নাম উল্লেখ করে এবং আরও চারজনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে সাভার থানায় মামলা করেন পরীমণি।

পরে তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর নাসির উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার তৎকালীন ইন্সপেক্টর কামাল হোসেন।

২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এখনও শেষ হয়নি পরীমণির সাক্ষ্য

২০২২ সালের ২৯ নভেম্বর মামলাটিতে সাক্ষ্য দেওয়া শুরু করেন পরীমণি।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার সাক্ষ্যগ্রহণ ও জেরা এখনো সম্পন্ন হয়নি।

মামলাটির বিচার কার্যক্রম রুদ্ধদ্বার কক্ষে (ক্যামেরা ট্রায়াল) অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩০ নভেম্বর পরীমণির জেরা অনুষ্ঠিত হলে মামলার বিচারপ্রক্রিয়ায় আরও অগ্রগতি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।