রাজধানীতে তরুণীর বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার
By নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল টাইমস
ঢাকা: রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক বাগানবাড়ি এলাকা থেকে এক অজ্ঞাত তরুণীর বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে খালপাড়ের একটি কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে এসব দেহাংশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ২০ বছর।
সকাল ৮টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি শপিং ব্যাগের ভেতর থেকে বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তরুণীকে অন্য কোনো স্থানে হত্যা করার পর পরিচয় গোপনের উদ্দেশ্যে মরদেহ খণ্ডিত করে দেহাংশের একটি অংশ ওই স্থানে ফেলে রেখে যাওয়া হয়েছে।
তবে ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের বিস্তারিত জানতে তদন্ত চলছে।নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফরেনসিক টিমকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দেহাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে পুলিশ। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে।