হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ২৩, ২০২৬

নরসিংদীতে আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতাদের বাধার মুখে পুলিশ, হামলার অভিযোগ।

By স্টাফ রিপোর্ট | ঢাকা ২৪ মে ২০২৬ 

IMG_6191

নরসিংদীর চরাঞ্চলে মামলার আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে বাধার মুখে পড়েছেন পুলিশের সদস্যরা। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখননগর বীরগাঁও ও সাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী সদর মডেল থানার তিনজন উপ-পরিদর্শক (এসআই), দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং একজন কনস্টেবল স্পিডবোটযোগে এলাকায় যান একটি মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে। সেখানে পৌঁছানোর পর স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় আওয়ামী লীগ নেতা হাবিব রহমান হাবিবের অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ সময় পুলিশ সদস্যদের ধাওয়া ও লাঞ্ছনার ঘটনাও ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে বিকেলে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই নারীসহ চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তাহসি বেগম, খোররেশদ মিয়া, রহিম মিয়া ও সোহাগী।

এ ঘটনায় এএসআই মো. নাজমুল হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় হাবিব রহমান হাবিবকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এলাকায় হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে তারা বাইরে এসে দেখেন কয়েকজনকে ধাওয়া করা হচ্ছে। পরে জানতে পারেন, তারা পুলিশ সদস্য ছিলেন।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক গুলসান আরা কবির জানান, ঘটনার পর কয়েকজন পুলিশ সদস্য হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।

তবে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, “পুলিশকে মারধর বা লাঞ্ছিত করার বিষয়টি সঠিক নয়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”