মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে বন্দুক হামলা, নিহত ১, আহত ২
By বেঙ্গল টাইমস, আন্তর্জাতিক ডেস্ক, প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের কাছে বন্দুকধারীদের হামলায় একজন নিহত এবং অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।
মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় স্থানীয় সময় সোমবারের এই ঘটনাকে একটি ‘সরাসরি হামলা’ হিসেবে উল্লেখ করেছে। নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্যমতে, গুলিতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ৩৯ বছর বয়সী অপর দুই পুরুষ সদস্য গুরুতর আহত হন। হামলা চালিয়ে সন্দেহভাজন আততায়ী দ্রুত মোটরসাইকেলে চেপে পালিয়ে যায়। ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, হামলাটি ঘটেছে মেক্সিকো সিটির ঐতিহাসিক সান্তো ডোমিঙ্গো চত্বরে। ঔপনিবেশিক স্থাপত্যে ঘেরা এই এলাকাটি মূলত জাল নথি তৈরি ও বিক্রির চক্রের কারণে বেশ আলোচিত।
মেক্সিকোয় মাদক পাচারকারী চক্রের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সচরাচর গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটলেও রাজধানীর সুরক্ষিত এলাকা, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের এত কাছে এ ধরনের হামলা বিরল ঘটনা। যদিও মেক্সিকো সিটিতে ‘ইউনিয়ন তেপিতো’ ও ‘ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের’ মতো কয়েকটি সংগঠিত অপরাধী চক্রের সক্রিয় উপস্থিতি রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।