নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে সিরাহায় অনির্দিষ্টকালের কারফিউ
By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস, কাঠমান্ডু | ৩১ জুলাই ২০২৬
নেপালের সুনসারি জেলায় দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার জেরে পার্শ্ববর্তী সিরাহা জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) সুনসারি জেলায় একই সময়ে দুটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে তা সহিংস সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।সংঘর্ষের প্রভাব দ্রুত পার্শ্ববর্তী সিরাহা জেলায় ছড়িয়ে পড়ে।
সেখানে বিক্ষোভকারীরা সড়কে জ্বলন্ত টায়ার ফেলে অবরোধ সৃষ্টি করে এবং বিভিন্ন যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির ঘোষণা দেয়।প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের মৃত্যুর খবর বিভিন্ন সূত্রে প্রচারিত হলেও শুক্রবার পর্যন্ত নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেপালি সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে টহল জোরদার করেছে।
নিরাপত্তা বাহিনী গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় অতিরিক্ত নজরদারি চালাচ্ছে। এদিকে, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশের জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সংযম প্রদর্শন করতে হবে।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সহিংসতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।