বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ৩০ জুলাই ২০২৬
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে নীতিগতভাবে সম্মত হয়েছে মিয়ানমার। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও ৫ হাজার রোহিঙ্গাকেও ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে দেশটি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন।
তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মিয়ানমার সীমিত পরিসরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে United Nations High Commissioner for Refugees (ইউএনএইচসিআর)-এর কার্যালয়ের বাইরে অভিযান চালিয়ে শতাধিক রোহিঙ্গাকে আটক করে দেশটির কর্তৃপক্ষ। পরে যাচাই-বাছাইয়ে তাদের বৈধ ইউএনএইচসিআর নিবন্ধনপত্র পাওয়া গেলে তাদের ছেড়ে দেওয়া হয়।
বর্তমানে মালয়েশিয়ায় ইউএনএইচসিআরে নিবন্ধিত ১ লাখ ২৬ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর ব্যাপক নির্যাতনের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হয়। ওই অভিযানের ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক পর্যায়ে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিক অধিকার এবং মর্যাদাপূর্ণ পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া প্রত্যাবাসন কার্যকর ও টেকসই হবে না। তাই সম্ভাব্য প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট মহল।