ঘরভাড়ার ৫০০ টাকা দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানা
By বাগেরহাট প্রতিনিধি, বেঙ্গল টাইমস,বাগেরহাট | ৮ আগস্ট ২০২৬
দারিদ্র্যের নির্মম বাস্তবতায় ঘরভাড়া পরিশোধের ৫০০ টাকা জোগাড় করতে নিজের মাথার চুল বিক্রি করতে বাধ্য হয়েছেন বাগেরহাটের রামপাল উপজেলার রেহানা খাতুন। সামান্য এই টাকাও জোগাড় করতে না পারায় ভাড়া ঘর থেকে উচ্ছেদ হয়ে এখন দুই সন্তানকে নিয়ে খুলনা-মোংলা রেললাইনের পাশে খোলা আকাশের নিচে দিন কাটছে তাঁর।
হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামে। রেহানার অসহায়ত্বের এমন চিত্রে স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর মর্মবেদনা।
স্থানীয় সূত্র জানায়, দুই সন্তানকে নিয়ে একটি ভাড়া ঝুপড়ি ঘরে বসবাস করতেন রেহানা। দীর্ঘদিনের ভাড়া বকেয়া থাকায় একপর্যায়ে ঘর ছাড়তে বাধ্য হন তিনি। সন্তানদের নিয়ে আশ্রয়ের সন্ধানে শেষ পর্যন্ত রেললাইনের পাশের সরকারি জমিতে ঠাঁই নেন এই অসহায় নারী।
রেহানার দুর্দশা দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা বাঁশের খুঁটি দিয়ে একটি ঘরের কাঠামো তৈরি করে দেন। কিন্তু অর্থের অভাবে সেটির ওপর টিন দেওয়া কিংবা চারপাশে বেড়া দেওয়ার ব্যবস্থা করা সম্ভব হয়নি। ফলে প্রচণ্ড রোদ-বৃষ্টি উপেক্ষা করে দুই সন্তানকে নিয়ে সেই অরক্ষিত কাঠামোর নিচেই দিন-রাত কাটছে তাঁর।
স্থানীয় বাসিন্দা ফেরদৌসী বেগম বলেন, “একদিন দেখি রেহানার মাথায় কোনো চুল নেই। কারণ জানতে চাইলে কান্নাকাটি করে জানায়, ঘরের ৫০০ টাকা ভাড়া পরিশোধ করতে নিজের মাথার চুল বিক্রি করেছে।”
আরেক বাসিন্দা মহিদুল ইসলাম বলেন, “বাঁশের কাঠামো তৈরি করা হয়েছে। সামান্য টিন ও বেড়ার ব্যবস্থা করা গেলেই পরিবারটির জন্য অন্তত একটি নিরাপদ আশ্রয় তৈরি করা সম্ভব। আমরা এলাকার সচ্ছল মানুষ ও সরকারের সহযোগিতা চাই।”
অশ্রুসজল চোখে রেহানা খাতুন বলেন, “সন্তানদের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট সহ্য করি। মাথা গোঁজার ঠাঁই নেই, খাওয়ারও কষ্ট। নিরুপায় হয়েই চুল বিক্রি করতে হয়েছিল। আমি সরকারের কাছে থাকার মতো একটি নিরাপদ আশ্রয়ের আকুতি জানাই।”
স্থানীয়দের দাবি, বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে দ্রুত সরকারি আবাসন বা পুনর্বাসন প্রকল্পের আওতায় রেহানা ও তাঁর দুই সন্তানের জন্য একটি স্থায়ী ও নিরাপদ ঘরের ব্যবস্থা করা হোক।
একজন মায়ের মাথার চুল বিক্রি করে মাত্র ৫০০ টাকা জোগাড় করার এই ঘটনা শুধু একটি পরিবারের অসহায়ত্বের গল্প নয়—এটি সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রামের এক নির্মম প্রতিচ্ছবি।