ছেলেকে বাঁচাতে ছুটে যাওয়া মাকে পিটিয়ে হত্যা, দেশে মব সন্ত্রাস কোথায় থামবে?
By স্টাফ রিপোর্টার
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক মায়ের মৃত্যুর অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম সৈয়দা খাতুন। অভিযোগ উঠেছে, ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানকে রক্ষা করতে গেলে বিএনপির নেতাকর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে ‘জয় বাংলা’ লেখা বা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আব্দুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় ছেলেকে বাঁচাতে ছুটে যান তার মা সৈয়দা খাতুন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে “মব সন্ত্রাস” হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহতের স্বজনদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা ও উন্মত্ত সহিংসতার শিকার হয়েছেন সৈয়দা খাতুন। তারা বলেন, “একজন মা নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন। এর চেয়ে নির্মম ঘটনা আর কী হতে পারে?”
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, দেশে রাজনৈতিক সহিংসতা ও মব সংস্কৃতি কতদিন চলবে।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।