মোদির বড় চ্যালেঞ্জ ‘তেলাপোকারা’: শ্রীলঙ্কা-বাংলাদেশের পর এবার কি ভারতেও তরুণদের জাগরণ
By আন্তর্জাতিক ডেস্ক , বেঙ্গল টাইমস
শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার কি ভারতেও বড় ধরনের তরুণ জাগরণের সূচনা হতে যাচ্ছে? ভারতের রাজধানী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদি সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রীর পদত্যাগ এবং
দেশের শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে কয়েক দিন ধরে চলা শিক্ষার্থীদের অনড় অবস্থান কর্মসূচি এখন আন্তর্জাতিক মহলের নজর কাড়ছে। নিজেদের ‘ককরোচ’ বা তেলাপোকা বলে পরিচয় দেওয়া এই জেন-জি (Gen-Z) তরুণেরা ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ নামের একটি অরাজনৈতিক ব্যানারে এই আন্দোলনের ডাক দিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’-এর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, জুনের তীব্র গরম ও পুলিশি বাধা উপেক্ষা করে নয়াদিল্লির ঐতিহাসিক প্রতিবাদস্থল যন্তর মন্তরে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছেন শত শত শিক্ষার্থী। ভার্চ্যুয়াল জগৎ থেকে শুরু হওয়া এই আন্দোলনকে গত কয়েক বছরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্তৃত্বের সামনে অন্যতম বড় এক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
আন্দোলনের নেপথ্যে: পরীক্ষা কেলেঙ্কারি ও ভর্তিচ্ছুদের আত্মহত্যা
ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ ভর্তি এবং স্কুল শেষ করার বোর্ড পরীক্ষাগুলোতে ব্যাপক অব্যবস্থাপনা ও প্রশ্নফাঁসের অভিযোগ এনে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা।
নিট (NEET) পরীক্ষা বাতিল:
মে মাসে অনুষ্ঠিত মেডিক্যালের জাতীয় ভর্তি পরীক্ষা ‘নিট’ বাতিল করায় চিকিৎসক হতে ইচ্ছুক প্রায় ২৩ লাখ শিক্ষার্থী চরম অনিশ্চয়তায় পড়েন।
ভর্তিচ্ছুদের আত্মহত্যা:
পরীক্ষা বাতিল এবং পুনঃপরীক্ষার মধ্যবর্তী সময়ে চরম হতাশায় অন্তত ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।গ্রেডিং পদ্ধতিতে ত্রুটি: লাখ লাখ শিক্ষার্থীর স্কুল সমাপনী পরীক্ষার অনলাইন মূল্যায়ন পদ্ধতিতে মারাত্মক কারিগরি ত্রুটি ধরা পড়ে।
টেলিগ্রাম নিষিদ্ধ:
পরিস্থিতি সামাল দিতে এবং আরও প্রশ্নফাঁস ঠেকাতে ভারত সরকার জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ নিষিদ্ধ করার মতো কঠোর পদক্ষেপ নেয়।
তেলাপোকা' আত্মপরিচয় ও সোশাল মিডিয়ায় ঝড়
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের তরুণদের নিয়ে করা একটি বিতর্কিত ও অবমাননাকর মন্তব্যের প্রতিক্রিয়ায় মোদির দল ‘বিজেপি’র আদলে ব্যঙ্গাত্মক রূপ হিসেবে এই ‘সিজেপি’ (ককরোচ জনতা পার্টি) গঠিত হয়। মাত্র চার সপ্তাহের কম সময়ে আন্দোলনটি ইনস্টাগ্রামে প্রায় ২ কোটি ২০ লাখ অনুসারী অর্জন করেছে।
বিক্ষোভস্থলে শিক্ষার্থীরা চামচ দিয়ে ধাতব থালা
বাজিয়ে, জাতীয় সংগীত গেয়ে, হাস্যরসাত্মক পোস্টার প্রদর্শন করে এবং এ আর রহমানের ‘বন্দে মাতরম’ গানের তালে তালে নেচে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
আন্দোলনের প্রতিষ্ঠাতা, বোস্টন ইউনিভার্সিটি থেকে সদ্য স্নাতক সম্পন্ন করা তরুণ অভিজিৎ
দিপকে বলেন:"আমরা অন্যায় ও বৈষম্যের শিকার হওয়া লাখ লাখ শিক্ষার্থীর জন্য ন্যায়বিচার দাবি করছি।
সরকার ভাবছে, রাতে বাতি নিভিয়ে বা পানি বন্ধ করে আমাদের এভাবে ক্লান্ত ও দুর্বল করে দেওয়া যাবে, কিন্তু তারা ভুল ভাবছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলতেই থাকবে।"
দক্ষিণ এশিয়ার ট্রেন্ড ও মোদি সরকারের চ্যালেঞ্জসিজেপির এই মাঠপর্যায়ের সাফল্য মূলত দক্ষিণ এশিয়াজুড়ে চলা সাম্প্রতিক তরুণদের রাজনৈতিক জাগরণকেই ফুটিয়ে তুলছে। অতি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের হাত ধরে গড়ে ওঠা তরুণদের আন্দোলন কীভাবে শ্রীলঙ্কা,
বাংলাদেশ ও নেপালের মতো দেশে সরকার পতনের অনুঘটক হিসেবে কাজ করেছে,
তা বিশ্ববাসী দেখেছে।ভারতে হয়তো এখনই তেমন বড় রাজনৈতিক পটপরিবর্তনের পরিস্থিতি তৈরি হচ্ছে না, তবে ‘তেলাপোকা’দের এই আন্দোলন ভারতের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ তরুণ সমাজের ক্ষোভকে সামনে এনেছে।
২০২৫ সালের সরকারি তথ্য অনুযায়ী, ভারতে তরুণদের বেকারত্বের হার ৯.৯%, যা শহরাঞ্চলে ১৩.৬% পর্যন্ত পৌঁছেছে। কর্মসংস্থানের সংকট ও শিক্ষাব্যবস্থার এই নড়বড়ে দশা মোদি সরকারকে এক বড় ধাক্কা দিয়েছে।
তেলাপোকা’দের দেওয়া বার্তাটি এখন পরিষ্কার—তরুণদের অবহেলা করলে রাষ্ট্রকে তার চড়া মূল্য দিতে হবে।