হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ১, ২০২৬

পুলিশের যানবাহনে সম্ভাব্য নাশকতা রোধে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

By বেঙ্গল টাইমস,ডেস্ক ০১ আগস্ট ২০২৬, ২১:৪৫

IMG_8578

পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য নাশকতা ও হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর। উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ ও বাসের মতো যানবাহনকে টার্গেট করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে অবিলম্বে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা বরদাস্ত করা হবে না। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা গাড়ির সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।

নির্দেশনার প্রধান বিষয়গুলো:

নিরাপদ পার্কিং: ডিউটিরত কোনো গাড়ি সাময়িকভাবে থামালে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশ সদস্যদের সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে।

চালক ছাড়া গাড়ি রাখা নিষিদ্ধ: কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া পুলিশের কোনো যানবাহন একা ফেলে রাখা যাবে না (আনঅ্যাটেন্ডেড রাখা নিষেধ)।

কম্পাউন্ড ও পুলিশলাইন্সের সুরক্ষা: ডিউটি শেষে থানা, পুলিশলাইন্স, অফিস কম্পাউন্ড কিংবা নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তা বাড়াতে হবে।

নজরদারি ও টহল: এসব স্থানে নিয়মিত টহল জোরদার এবং সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে।

বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।