হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ৯, ২০২৬

টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

By টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি | বেঙ্গল টাইমস, গাজীপুর | ৯ আগস্ট ২০২৬

IMG_8837

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আলী (১৭) নামে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে তার সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। দুপুর ৩টা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলছিল। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা।

নিহত ইয়াসিন আলী পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে সে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত।

যেভাবে ঘটল দুর্ঘটনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল ইয়াসিন।

এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় ইয়াসিন। তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশ পরে গাড়িটি জব্দ করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যায়। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ইয়াসিনের সহপাঠীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রোববার সকালে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

শিক্ষার্থীদের দাবি, গাজীপুরা এলাকায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর স্পিডব্রেকার বা গতিরোধক নির্মাণ করতে হবে।

পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদে মহাসড়ক পারাপারের জন্য একটি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিতে হবে।

তাদের আরও দাবি, এই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা কমাতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, গাজীপুরা বাসস্ট্যান্ড ও তামীরুল মিল্লাত মাদ্রাসার সামনের সড়কটি অত্যন্ত ব্যস্ত হলেও পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের চেষ্টা, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্ট যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।