হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ১২, ২০২৬

লোডশেডিং ঘিরে গ্রাহক অসন্তোষ, নিরাপত্তা চেয়ে থানায় পল্লী বিদ্যুৎ

By ডোমার (নীলফামারী) প্রতিনিধি, বেঙ্গল টাইমস

92f22c91-6b4a-4b92-85ef-d84e8fbf1af9

তীব্র গরমের মধ্যে ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিং নিয়ে নীলফামারীর ডোমারে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি ঘিরে বিদ্যুৎ স্থাপনায় হামলা বা ভাঙচুরের আশঙ্কায় কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় লিখিত আবেদন করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ।

পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ.কে.এম. আলাউদ্দিন স্বাক্ষরিত ওই চিঠি ডোমার থানায় পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে ঘাটতি থাকায় বাধ্য হয়ে এলাকাভিত্তিক লোডশেডিং দিতে হচ্ছে। তীব্র গরমের মধ্যে বারবার ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনায় অনাকাঙ্ক্ষিত ঘটনা বা হামলার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়।

নিরাপত্তা জোরদারের জন্য ডোমার জোনাল অফিস, আন্ধারুর মোড় উপকেন্দ্র-১ এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে সার্বক্ষণিক পুলিশ টহল ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের আবেদনটি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যুৎ অফিস ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি নিয়মিত নৈশটহল জোরদার করা হয়েছে।

পুলিশ ও বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে।