ঢাবি নিয়ে বক্তব্য: ব্যারিস্টার ফুয়াদকে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবিতে লিগ্যাল নোটিশ
By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ৪ জুলাই, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্পর্কে আপত্তিকর, বিদ্বেষমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী তন্ময় কুমার সাহা নোটিশটি পাঠান।
নোটিশে ব্যারিস্টার ফুয়াদকে ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া, বক্তব্য প্রত্যাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে জমা দেওয়ার দাবি জানানো হয়েছে।
এছাড়া নোটিশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হয়েছে।নোটিশ অনুযায়ী, গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভায় ব্যারিস্টার ফুয়াদ বিশ্ববিদ্যালয়, এর শিক্ষক, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন।
নোটিশদাতার দাবি, ওই বক্তব্যে তিনি গত ৫০ থেকে ৭০ বছরে বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন, জাতীয় ক্ষতির জন্য তাদের দায়ী করেন এবং শিক্ষকদের উদ্দেশে বিদ্বেষমূলক মন্তব্য করেন।
নোটিশে বলা হয়েছে, এসব মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তির ক্ষতি করেছে এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও মানসিক কষ্টের সৃষ্টি করেছে।লিগ্যাল নোটিশে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে মূলধারার প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।নোটিশে আরও বলা হয়েছে,
নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে জনস্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) দায়ের করা হবে।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।