একই স্থানে একাধিক কর্মসূচি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
By নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল টাইমস
ঢাকা: একই স্থান ও সময়ে একাধিক সংগঠনের পৃথক কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ক্যাম্পাসের একই স্থান ও সময়ে একাধিক সংগঠন পৃথক কর্মসূচির ঘোষণা দেওয়ায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
একই সঙ্গে নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভাষা শহীদ রফিক ভবনের সামনে একই সময়ে একাধিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান, জবি ছাত্রদলের একটি কর্মসূচি এবং ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’-এর ব্যানারে একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। এছাড়া সকাল ১১টায় একই এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের আহ্বানে একটি সংবাদ সম্মেলনেরও ঘোষণা দেওয়া হয়।
একই স্থান ও সময়কে কেন্দ্র করে বিভিন্ন সংগঠনের কর্মসূচির কারণে ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে এ নিষেধাজ্ঞা জারি করেছে।