হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ১৫, ২০২৬

ঢাকায় ভারতীয় হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

By বেঙ্গল টাইমস ডেস্ক, ১৫ আগস্ট ২০২৬

IMG_9030

বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। শনিবার (১৫ আগস্ট) ঢাকার ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের সদস্য, শিক্ষার্থী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যের নির্বাচিত অংশ পাঠ করে শোনান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

স্বাধীনতা দিবসের আয়োজনের অংশ হিসেবে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা হাইকমিশন এলাকার আশপাশে ‘স্বচ্ছতা অভিযান’-এ অংশ নেন। এ কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বার্তা তুলে ধরা হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব এগিয়ে নেওয়ার পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন।

ত্রিবেদী বলেন, দুই দেশের মানুষের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ওপর ভিত্তি করে গড়ে ওঠা জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই বাংলাদেশ-ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বের মূল শক্তি। দুই প্রতিবেশী দেশের অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে দেশাত্মবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়গুলো গুরুত্ব পায়।

উল্লেখ্য, প্রতি বছর ১৫ আগস্ট ভারতজুড়ে স্বাধীনতা দিবস পালিত হয়। ১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা অর্জন করে ভারত। এবার দেশটি স্বাধীনতার ৮০ বছর পূর্তি উদযাপন করছে। 

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণভিত্তিক সম্পর্ক রয়েছে। 

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে।