হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ৩, ২০২৬

বেনজীরের জামিনে সরকারের কূটনৈতিক ও আইনি উদ্যোগ প্রশ্নের মুখে

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা | প্রকাশ: ৩ আগস্ট ২০২৬

IMG_8611

বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ উদ্যোগ চলমান থাকা অবস্থায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পাওয়ায় সরকারের কূটনৈতিক ও আইনি তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এ পরিস্থিতিতে জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সরকার ইতোমধ্যে ইউএইতে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ করেছে এবং আদালতের জামিন আদেশের প্রত্যয়িত অনুলিপি সংগ্রহ করে তা বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

“জামিন দেওয়া সংশ্লিষ্ট দেশের আদালতের বিষয়”

বেনজীর আহমেদ কীভাবে জামিন পেলেন—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট দেশের বিচারিক প্রক্রিয়ার আওতাভুক্ত।তিনি বলেন, “তার জামিন সেই দেশের আদালতের বিষয়। বিষয়টি পুরোপুরি না জেনে আমি মন্তব্য করতে চাই না। আমরা নিয়োজিত ল ফার্মকে জামিনের সার্টিফায়েড কপি সংগ্রহ করতে এবং তা বাতিলের জন্য আদালতে আবেদন করতে বলেছি।”

অন্য দেশের পাসপোর্ট থাকার আশঙ্কা

সালাহউদ্দিন আহমদ জানান, সরকারের কাছে এমন তথ্য রয়েছে যে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্টও থাকতে পারে। এ কারণেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তার ভাষায়, “আমাদের সন্দেহ, তার কাছে অন্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। সে কারণেই আমরা জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দিয়েছি।”

জামিনের শর্ত জানতে চায় সরকার

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে। তবে আদালতের পূর্ণাঙ্গ আদেশ হাতে না পাওয়া পর্যন্ত অন্যান্য শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তিনি জানান, নিয়োজিত আইনজীবীদের আদালতের প্রত্যয়িত আদেশ সংগ্রহ করে তা বিস্তারিত পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনি লড়াই অব্যাহত থাকবে

সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া ল ফার্মকে জামিন বাতিলের আবেদনসহ প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, “আমরা সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করছি, আদালতে জামিন বাতিল হবে এবং দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।”

প্রত্যর্পণ প্রচেষ্টা অব্যাহত

সরকারের লক্ষ্য বেনজীর আহমেদকে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় সহযোগিতার কাঠামো অনুসরণ করেই সব ধরনের কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেনজীর আহমেদের আইনজীবী কিংবা সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জামিনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।বেনজীর আহমেদের জামিনের ঘটনায় তাকে দেশে ফিরিয়ে আনার সরকারি প্রচেষ্টার কার্যকারিতা নিয়ে রাজনৈতিক অঙ্গন, আইনজ্ঞ মহল এবং জনপরিসরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে আইনি লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত প্রত্যর্পণ প্রক্রিয়া কতটা সফল হবে, তা এখন সময়ই বলে দেবে।