২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর
By বেঙ্গল টাইমস ডেস্ক, প্রকাশ: ২৭ জুলাই ২০২৬
সরকার ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান প্রয়োজন বলে বিবেচনা করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাঁদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
তবে বিধি অনুযায়ী তাঁরা অবসর-সংক্রান্ত সব ধরনের সুবিধা পাবেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবসরে পাঠানো এসব কর্মকর্তা বর্তমানে যুগ্ম সচিব পদমর্যাদায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে তাঁরা দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করেছিলেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— মো. মতিউল ইসলাম চৌধুরী (পটুয়াখালী), মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক (ভোলা), এস এম অজিয়র রহমান (বরিশাল), ওয়াহেদুজ্জামান (ফেনী), মো. শহীদুল ইসলাম (খাগড়াছড়ি), সরোজ কুমার নাথ (ঝিনাইদহ), মো. জসিম উদ্দিন (পাবনা), মোহাম্মদ আব্দুল আহাদ (সুনামগঞ্জ), মো. কামাল হোসেন (কক্সবাজার), এ কে এম মামুনুর রশিদ (রাঙামাটি), অঞ্জন চন্দ্র পাল (লক্ষ্মীপুর), মোহাম্মদ ইলিয়াস হোসেন (চট্টগ্রাম), মো. মিজানুর রহমান (ময়মনসিংহ), এ জেড এম নুরুল হক (চাঁপাইনবাবগঞ্জ), কাজী আবু তাহের (শরীয়তপুর), মো. শাহরিয়ার (নাটোর), মোহাম্মদ দাউদুল ইসলাম (বান্দরবান), মঈনউল ইসলাম (নেত্রকোনা), মো. আসলাম হোসেন (কুষ্টিয়া), আবুল ফজল মীর (কুমিল্লা), মো. মাজেদুর রহমান খান (চাঁদপুর), এস এম ফেরদৌস (মানিকগঞ্জ), গোপাল চন্দ্র দাশ (চুয়াডাঙ্গা), নাজিয়া শিরিন (নীলফামারী), মোছা. সুলতানা পারভীন (কুড়িগ্রাম), আনারকলি মাহবুব (শেরপুর), মো. হেলাল হোসেন (খুলনা), সৈয়দা ফারহানা কাউনাইন (নরসিংদী), মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী (কিশোরগঞ্জ), মাহমুদুল কবির মুরাদ (হবিগঞ্জ), মো. আলী আকবর এবং এস এম আব্দুল কাদের (রাজশাহী)।
সরকারের এই সিদ্ধান্তকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন-সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়ে নেওয়া সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।