হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ২৪, ২০২৬

রংপুরে একই পরিবারের চার খুন: আদালতে দুই আসামির স্বীকারোক্তি

By রংপুর প্রতিনিধি, প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬

IMG_9213

রংপুর নগরীর মাসুয়ারপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেপ্তার মুগ্ধ দাস ও তাঁর মামাতো ভাই সিদ্ধার্থ রোববার রাতে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

রাত ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দুই আসামিকে রংপুরের মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের আদালতে হাজির করা হয়।

পরে তারা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন।বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) নির্মল চন্দ্র।

তিনি জানান, আদালতে দুই আসামি ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তবে জবানবন্দিতে তারা কী বলেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে কী কারণ ছিল এবং কীভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেও তদন্ত কর্মকর্তা বিস্তারিত কিছু বলেননি।

তিনি জানান, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর দুই আসামিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তদন্ত কর্মকর্তা নির্মল চন্দ্র বলেন, আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাদের পুলিশ হেফাজতে রাখার আর আইনগত সুযোগ নেই।

পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশি পাহারায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, পরিকল্পনার ধরন এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না—এসব বিষয় সামনে রেখে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।