হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ৬, ২০২৬

তিন বিভাগে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা

By নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল টাইমস

7db0326a-f8e2-4df9-bccc-eaa4a16755cf

ঢাকা: পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে দেশের সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, উজানের ভারী বর্ষণ এবং দেশের অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং কোথাও কোথাও তা বিপৎসীমা অতিক্রম করতে পারে।

কেন্দ্র জানায়, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী দুই দিনের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

একই সঙ্গে উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি বাড়তে থাকায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এছাড়া সোমেশ্বরী, ভোগাই ও কংস নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নদী-তীরবর্তী নিম্নাঞ্চলেও বন্যার আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ইতোমধ্যে উজানের ঢলে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পরে বিকেলে পানি কিছুটা কমলেও নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে নদীরক্ষা বাঁধ এবং বিস্তীর্ণ ফসলি জমি ঝুঁকির মুখে পড়েছে।ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।