হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ২৮, ২০২৬

অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে ৫ দফা দাবি, গুলশানে বাসিন্দাদের গণজাগরণ সমাবেশ

By বেঙ্গল টাইমস প্রতিবেদক

IMG_9385

রাজধানীর সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ, যানজট কমানো এবং নিরাপদ বিকল্প গণপরিবহন নিশ্চিত করার দাবিতে পাঁচ দফা দাবি তুলেছেন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার বাসিন্দারা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গুলশান-২ চত্বরে গুলশান সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘গণজাগরণ সমাবেশ’ থেকে এসব দাবি তুলে ধরা হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাজধানীর বিভিন্ন সড়কে অনুমোদনহীন অটোরিকশার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট, সড়কে বিশৃঙ্খলা এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা ও নানা উদ্যোগ নেওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, অটোরিকশাচালকদের জীবিকা বন্ধ করার পক্ষে তারা নন। তাদের মূল দাবি হলো—রাজধানীর সড়কে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা।

তিনি বলেন, সব ধরনের যানবাহনের চলাচল নির্দিষ্ট নিয়মের আওতায় আনতে হবে। শুধু অটোরিকশা নিয়ন্ত্রণ করলেই সমস্যার সমাধান হবে না; একই সঙ্গে চালকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

ওমর সাদাত আরও বলেন, একটি দেশের পুরো পরিবহনব্যবস্থা রিকশানির্ভর হয়ে থাকতে পারে না। রাজধানীর অসহনীয় যানজট ও অনিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলছে।

দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি কার্যকর পরিবহন অবকাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অবৈধ ব্যাটারিচালিত রিকশার কারণে বিভিন্ন সড়কে যান চলাচলে ধীরগতি তৈরি হচ্ছে।

পাশাপাশি ট্রাফিক আইন না মানার প্রবণতা সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে। তারা বলেন, দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতেও রাজপথে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

পাঁচ দফা দাবি

সমাবেশ থেকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনবাসীর পক্ষ থেকে যে পাঁচ দফা দাবি জানানো হয়, সেগুলো হলো—

  1. ১. শুধু লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া।
  2. ২. প্রধান, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়কে অটোরিকশার চলাচল সীমিত করা।
  3. ৩. ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করা।
  4. ৪. নিরাপদ ও কার্যকর বিকল্প গণপরিবহন ব্যবস্থা চালু করা।
  5. ৫. অটোরিকশাচালকদের জন্য বিকল্প জীবিকা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা।

সমাবেশে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সাবেক মহাসচিব ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী দিলানসহ বিভিন্ন আবাসিক এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, রাজধানীর যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমন্বিত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে।