পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ ইমরান হায়দার ও তার স্ত্রী হাসপাতালে
By বেঙ্গল টাইমস ডেস্ক
রাজধানীর বারিধারায় অবস্থিত বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনের ফলে সৃষ্ট ঘন ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বাসভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে।
খবর পেয়ে কূটনৈতিক এলাকার দায়িত্বে থাকা বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, বাসভবনের একটি কক্ষে আগুন লাগলেও পুরো ভবনে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসভবনের লোকজন বালতি ও মগ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ এক্সজস্ট ফ্যানের মাধ্যমে ভবনের ভেতরে জমে থাকা ধোঁয়া বের করে দেন এবং পুরো ভবন তল্লাশি করে নিশ্চিত হন যে আর কোনো ঝুঁকি নেই।
অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এ ঘটনায় পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘নোট ভার্বাল’ (কূটনৈতিক পত্র) পাঠিয়ে ঘটনার বিস্তারিত জানিয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে তদন্ত ও মূল্যায়নের কাজ চলছে।