নির্বাসন নয়, প্রত্যাবর্তনের অপেক্ষা-হিন্দুস্তান টাইমসকে শেখ হাসিনা,গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশায় প্রত্যাবর্তনের বার্তা সাবেক প্রধানমন্ত্রীর।
By বেঙ্গল টাইমস ডেস্ক | ঢাকা | ১৯ মে ২০২৬
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি Sheikh Hasina বলেছেন, “অনুপস্থিত মানেই নীরবতা নয়”, এবং দেশের জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই তিনি “খুব শিগগিরই” বাংলাদেশে ফিরবেন। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম "হিন্দুস্তান টাইমস" কে দেওয়া এক বিশেষ ই-মেইল সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, বর্তমানে বাংলাদেশ একটি গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ কখনও স্বাধীনতার চেতনা থেকে সরে যায়নি। জনগণ আবারও ঘুরে দাঁড়াবে, গণতন্ত্র ফিরিয়ে আনবে।”
তিনি আরও বলেন, ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে যেমন জনগণের ডাকে দেশে ফিরেছিলেন, বর্তমান পরিস্থিতিতেও জনগণের শক্তির ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। “সেই সময়ও হুমকি, ষড়যন্ত্র ও ভয় ছিল। কিন্তু মানুষের ভালোবাসাই আমাকে ফিরিয়ে এনেছিল,”— উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকারে সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দেশে উগ্রবাদী ও জঙ্গিবাদী শক্তির পুনরুত্থান ঘটছে। তার ভাষায়, “বাংলাদেশকে আবারও স্বাধীনতাবিরোধী অপশক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে।” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ অতীতেও সকল ষড়যন্ত্র মোকাবিলা করেছে, ভবিষ্যতেও করবে। তিনি দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা করতে হবে।”
সাক্ষাৎকারে তিনি নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন দুঃসময়, কারাবরণ, হামলা-মামলা এবং পরিবার হারানোর বেদনাময় স্মৃতির কথাও তুলে ধরেন। তবে এসব কিছুই তাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ভারতের সংবাদমাধ্যম "হিন্দুস্তান টাইমস" শেখ হাসিনার এই বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করে, যা প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।