শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, হাত হারাল একজন
By নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর, প্রকাশ: ১১ আগস্ট ২০২৬
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।সোমবার রাতে উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে তমিজ খাঁর লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জেরে সোমবার রাত সাড়ে আটটার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৫ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় রেজাউল শিকদারের সমর্থক মান্নান সরদারকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সংঘর্ষে তমিজ খাঁর সমর্থক রিপন মোল্লার হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ও বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ জানান, বিস্ফোরণের আঘাত নিয়ে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল।
এদের মধ্যে একজনের হাত গুরুতর জখম হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে এবং অপরজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।ঘটনার বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।