যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গুলিবর্ষণ, চার শিশুসহ ৮ জন আহত
By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস, প্রকাশ: ৫ জুলাই ২০২৬
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই নিউইয়র্ক সিটির ব্রুকলিনের উপকূলীয় আবাসিক এলাকা কোনি আইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজন তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ স্ট্রিট এলাকায় গুলিবর্ষণের খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।পুলিশ জানায়, আহতদের মধ্যে রয়েছেন ৩৭ ও ৩৩ বছর বয়সী দুই পুরুষ, ২৫ ও ২১ বছর বয়সী দুই নারী এবং ১৪, ১২, ৭ ও ৬ বছর বয়সী চার শিশু।
সব আহতকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল থাকলেও ২১ বছর বয়সী এক নারীর অবস্থা সংকটজনক বলে জানিয়েছে এনওয়াইপিডি।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। গুলিবর্ষণের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে দেশটির স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপিত হয়। এ উপলক্ষে রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাগরিকদের অস্ত্র রাখার সাংবিধানিক অধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এর কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্কের কোনি আইল্যান্ডে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা দেশটিতে বন্দুক সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।