ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ।
By ঝিনাইদহ প্রতিনিধিপ্রকাশিত: শুক্রবার, ২২ মে ২০২৬
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনায় অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেখানে উপস্থিত কিছু বিক্ষুব্ধ যুবক তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন এবং হামলার বিচার দাবি করেন। এনসিপির দাবি, এ ঘটনায় তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।
তবে ছাত্রদল নেতারা এ ঘটনার দায় অস্বীকার করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলায় বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন। আমি শুধু তাকে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাতে গিয়েছিলাম। পরে স্থানীয় জনতার ক্ষোভ থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ডিম নিক্ষেপ বা হামলার সঙ্গে ছাত্রদলের কোনো সংশ্লিষ্টতা নেই।”
এদিকে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল এবং বিএনপির স্থানীয় নেতারাও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের দাবি, এটি ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, কোনো রাজনৈতিক সংগঠনের পরিকল্পিত কর্মসূচি নয়।
অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ঝিনাইদহ বিএনপির একটি অংশ পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, “আমাদের ওপর অতর্কিত হামলা ও ডিম নিক্ষেপ করা হয়েছে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত
পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।