হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ১৯, ২০২৬

খুলনায় অল্প সময়ের ব্যবধানে জোড়া খুন, আতঙ্কে লবণচরাবাসী

By স্টাফ রিপোর্টার, বেঙ্গল টাইমস:

8f83d4bc-d42f-435b-bb57-8ec2d0e91de8

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় লবণচরা থানার আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় পরপর এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জোড়া হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহতরা হলেন—আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে মঞ্জুরুল ইসলাম (১৮) এবং একই এলাকার মনির শেখের ছেলে নাজমুল ইসলাম (১৮)। মঞ্জুরুল পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আশিবিঘা কালভার্ট এলাকায় আড্ডা দিতে যাওয়ার সময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল মঞ্জুরুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার শরীরে দুটি গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঞ্জুরুলকে গুলি করার ঘটনার রেশ কাটতে না কাটতেই একই এলাকায় আবারও গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যে দুর্বৃত্তরা নাজমুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় লবণচরা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।

তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।