হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ৩১, ২০২৬

আবাসিক গ্রাহকদের আগস্টের গ্যাস বিল না নেওয়ার দাবি

By বেঙ্গল টাইমস ডেস্ক, প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:০৯ PM

IMG_9454

আগস্ট মাসজুড়ে আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট ও পর্যাপ্ত সরবরাহ না থাকার অভিযোগ তুলে এ মাসের নির্ধারিত গ্যাস বিল আবাসিক গ্রাহকদের কাছ থেকে না নেওয়ার দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ’। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আবেদন করেছে সংগঠনটি।

সংগঠনটির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের স্বাক্ষর করা এক স্মারকলিপিতে বিইআরসি চেয়ারম্যানের কাছে এ দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, আগস্ট মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও সিএনজি খাতে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বিশেষ করে আবাসিক গ্রাহকদের অনেক এলাকায় দিনের অধিকাংশ সময় গ্যাস পাওয়া যায়নি। কোথাও কোথাও গ্যাস থাকলেও রান্নার জন্য প্রয়োজনীয় চাপ পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়েছে।

নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়, যেসব নন-মিটার্ড বা নির্ধারিত মাসিক হারের আবাসিক গ্রাহক গ্যাস ব্যবহারের সুযোগ পাননি কিংবা দীর্ঘ সময় সেবা থেকে বঞ্চিত হয়েছেন, তাদের কাছ থেকে পুরো মাসের বিল আদায় করা যুক্তিসংগত ও ন্যায়সংগত নয়।

তাদের দাবি, গ্যাস সরবরাহ না থাকায় অনেক গ্রাহককে রান্নার জন্য বিকল্প হিসেবে এলপিজি বা বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে হয়েছে। এতে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। এর পাশাপাশি পূর্ণ মাসের গ্যাস বিল পরিশোধ করতে হলে গ্রাহকদের একই সেবার জন্য দ্বৈত আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

যেসব দাবি জানিয়েছে নাগরিক সমাজ

বিইআরসির কাছে দেওয়া আবেদনে আগস্ট মাসের গ্যাস সংকটের প্রকৃত চিত্র যাচাইয়ে কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

প্রথমত, গ্যাস বিতরণ কোম্পানিগুলোর কাছ থেকে এলাকাভিত্তিক সরবরাহের সময়, গ্যাসের চাপ এবং ঘাটতির তথ্য সংগ্রহ করে আগস্ট মাসের প্রকৃত পরিস্থিতি যাচাই ও একটি প্রতিবেদন তৈরির দাবি জানানো হয়েছে।

দ্বিতীয়ত, যেসব এলাকায় দীর্ঘ সময় গ্যাস সরবরাহ ছিল না, সেসব এলাকার নন-মিটার্ড আবাসিক গ্রাহকদের আগস্ট মাসের পূর্ণ বিল সেপ্টেম্বর মাসে আদায় না করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে সেবার ঘাটতির মাত্রা বিবেচনায় বিলের নির্দিষ্ট অংশ ছাড় কিংবা সম্পূর্ণ বিল মওকুফের ব্যবস্থার কথাও বলা হয়েছে।

তৃতীয়ত, ভবিষ্যতে কোনো এলাকায় দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকলে কিংবা অস্বাভাবিক নিম্নচাপ দেখা দিলে গ্রাহককে আলাদাভাবে আবেদন করার ঝামেলা ছাড়াই যেন স্বয়ংক্রিয়ভাবে বিল সমন্বয় করা যায়, সে জন্য একটি স্থায়ী নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া এলাকাভিত্তিক দৈনিক গ্যাস সরবরাহের তথ্য জনসম্মুখে প্রকাশ, গ্যাস সংকটের কারণে গ্রাহকদের অতিরিক্ত ব্যয় ও ক্ষয়ক্ষতির অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য কার্যকর ব্যবস্থা চালুরও দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ’।

সংগঠনটির ভাষ্য, কোনো সেবা না পেলে সেই সেবার পূর্ণ মূল্য আদায় করা ভোক্তাবান্ধব নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই গ্রাহকের নাগরিক অধিকার ও ভোক্তা স্বার্থ রক্ষায় আগস্ট মাসের গ্যাস বিল পরিস্থিতি বিবেচনায় দ্রুত সমন্বয় করার পাশাপাশি ভবিষ্যতের জন্য ‘সেবা না থাকলে বিল নয়’ নীতি কার্যকর করা প্রয়োজন।