হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৫, ২০২৬

ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ ১২ জুলাই

By স্টাফ রিপোর্টার | বেঙ্গল টাইমস, প্রকাশ: ৫ জুলাই ২০২৬

IMG_7862

ঢাকা: হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, আইন অমান্য এবং অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদনের ওপর আদেশের জন্য আগামী ১২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৫ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন সকালে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি আদালতে মামলার আবেদন দাখিল করেন।

আবেদন গ্রহণের পর আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে আদালত মামলার আবেদনের বিষয়ে আদেশ ঘোষণার জন্য ১২ জুলাই তারিখ নির্ধারণ করেন।

বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মামলার আবেদন দাখিল করা হলেও আদালত শুনানি শেষে আদেশের জন্য ১২ জুলাই দিন নির্ধারণ করেছেন।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও নুর জাহান বেগম ছাড়াও সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করা হয়েছে।মামলার আবেদনে বাদী দাবি করেন,

তাঁর নয় মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং প্রয়োজনীয় চিকিৎসা যথাসময়ে না পাওয়ার কারণে শিশুটির অবস্থার অবনতি ঘটে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং পরবর্তীতে হামে আক্রান্ত হয়ে মারা যায়।বাদীর অভিযোগ অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন।

এই ব্যর্থতার কারণে দেশজুড়ে বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে বলে আবেদনে দাবি করা হয়।মামলার আবেদনে আরও বলা হয়েছে, বিবাদীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও নাগরিকের জীবন রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলা, ক্ষমতার অপব্যবহার এবং আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে আদালত এখনো কোনো সিদ্ধান্ত দেননি। আদালত কেবল মামলার আবেদন গ্রহণ করে শুনানি শেষে আদেশ ঘোষণার জন্য ১২ জুলাই দিন নির্ধারণ করেছেন। অভিযোগগুলোর বিষয়ে আদালতে এখনো বিচারিকভাবে সত্যতা নির্ধারিত হয়নি এবং অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।